‘মানুষ নন’ কোহলি, তিনি ‘চিতা’ কিংবা ‘জাদুকর’

ভালো খেললে ক্রিকেটারদের প্রশংসায় ভাসানো হয়, আবার খারাপ খেললেই সমালোচনার তীর বিদ্ধ করা হয়। বিরাট কোহলির ব্যাটে এবারের আইপিএলে শুরু থেকেই রানের দেখা মিলছে। তবে স্ট্রাইক রেট নিয়ে কথা উঠেছে বারবার। তবে কাল রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।

শুধু ব্যাট হাতে নয়, কাল ফিল্ডিংয়েও নজর কেড়েছেন তিনি। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছেন প্রশংসায়। কেউ কেউ তাকে নিয়ে লিখেছেন, ‘কোহলি মানুষ নন।’ কেউ আবার তাকে আখ্যা দিয়েছেন ‘চিতা’ হিসেবে। আবার কেউ কেউ বলছেন জাদুকর।

বেঙ্গালুরু ৭ উইকেটে ২৪১ রান তুলতে পেরেছে মূলত কোহলির বিধ্বংসী ওই ইনিংসের কারণেই। এরপর ফিল্ডিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের ৩ এবং স্বপ্নীল সিং ও লকি ফার্গুসনের ২টি করে উইকেটে পাঞ্জাবকে ১৭ ওভারে ১৮১ রানে অলআউট করে ফেলে বেঙ্গালুরু।

পাঞ্জাবকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন শশাঙ্ক। ১৯ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৭ রান করে ফেলেছিলেন তিনি। কিন্তু একটা ২ রান নিতে গিয়ে কোহলির হাতে রানআউট হয়ে ফিরতে হয়েছে তাকে। ১৪তম ওভারে লকি ফার্গুসনের বলে স্যাম কারেন লেগের দিকে বল ঠেলে যখন দ্বিতীয় রানের জন্য ছোটেন, কোহলি বল থেকে প্রায় ২০ মিটার দূরে ছিলেন। সেখান থেকে ছুটে এসে ডাইভ দিয়ে আন্ডারআর্ম থ্রোয়ে সরাসরি বোলিং প্রান্তের স্টাম্প ভেঙে দেন তিনি। রানআউট হয়ে ফেরেন শশাঙ্ক।

এই  রানআউট দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘বিরাট কোহলি মানুষ নন।’ আরেকজনের কথা, ‘চিতা, বিরাট কোহলির রানআউট।’ একজন আবার ব্যাটিংটাও টেনে এনে লিখেছেন, ‘আজ রাতে তিনি জাদু বের করছেন। প্রথমে ব্যাট হাতে আর এখন অসাধারণ এক সরাসরি থ্রোয়ে ফিল্ডিংয়ে।’