বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে মারধর, পরাজিত প্রার্থী গ্রেপ্তার

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজানের এক সমর্থককে তুলে নিয়ে মারধরের মামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৯ মে) রাতে নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজানের কাপ-পিরিচ মার্কায় ভোট করেন তার সমর্থক রুবেল হোসেন। পরে নির্বাচনের পরদিন বৃহস্পতিবার রাতে পরাজিত আনারস মার্কার প্রার্থী জামিল হোসেন মিলন ও তার সমর্থকরা রুবেলকে তুলে নিয়ে যান। পরে তার চেম্বারে নিয়ে বেধরক মারপিট করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পরাজিত প্রার্থী মিলনের গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পরাজিত প্রার্থী মিলনকেও গ্রেপ্তার করে। শুক্রবার (১০ মে) দুপুরে মিলনকে আদালতে তোলা হলে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই আহতের বাবা বাদী হয়ে থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ জামিল হোসেন মিলনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে অন্য একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।