ডমিনিক তিম ২০২০ সালে জিতেছিলেন ইউওস ওপেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গ্র্যান্ড স্ল্যাম ওই একটিই। মাত্র ৩০ বছর বয়সেই টেনিস ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিম। এই মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ান এই টেনিস তারকা।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিম জানান, 'শুভেচ্ছা সাইকে, আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কষ্টের একটি খবর দিতে চাই। ২০২৪ হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। এই মৌসুম শেষে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি।'
অবসরের কারণও জানিয়েছেন তিম। কব্জির ইনজুরিতে এর আগে প্রায় ১০ মাস টেনিসের বাইরে ছিলেন। এরপর গত বছর টেনিসে ফিরলেও আগের মতো ফর্ম নেই তার। গেল মার্চে জানিয়েছিলেন, কব্জির সমস্যাটা রয়ে গেছে। তবু মন্টে কার্লো, মিউনিখ ও মাদ্রিদ ওপেনে খেলেন।
অবসরের কারণ জানিয়ে তিম বলেন, 'অবসরের সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত অবশ্যই আমার কব্জির সমস্যা। যেভাবে কাজ করার কথা সেভাবে করছে না। দ্বিতীয়ত আমার মনের অনুভূতি। আমি অবসর নিয়ে বেশ কিছু সময় ধরেই ভাবছিলাম। আমি যে সকল সাফল্য পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি। পথ চলাটা অসাধারণ ছিল।'
২০১৮ ও ২০১৯ ফ্রেঞ্চ ওপেনে রানার্সআপ হয়েছিলেন তিম। ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনেও হয়েছিলেন রানার্সআপ।