কুমিল্লার নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুণী। শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার হেসাখাল ইউপির উরুকচাউল গ্রামের প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ওই তরুণী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ মাস পূর্বে উরুকচাউল গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে আরিফের (২১) সঙ্গে মোবাইলে পরিচয় হয় ময়মনসিংহ জেলার ওই তরুণীর। তারপর থেকে প্রতিনিয়ত মোবাইল ফোনে তাদের যোগাযোগ হয়। এক পর্যায়ে তারা দেখা করার জন্য ঢাকায় যান।
গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে উভয়ে প্রেমিক আরিফের বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে আসার পর আরিফের বাবা-মা বিষয়টি না মেনে ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেন। শুক্রবার সকালে আরিফ ওই তরুণীকে নাঙ্গলকোট রেল স্টেশনে রেখে পালিয়ে যায়। পরে কোন উপায় না পেয়ে ওই তরুণী বিয়ের দাবিতে আরিফের বাড়িতে গিয়ে অনশন করতে থাকে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ বিষয়ে অনশনরত তরুণী বলেন, ৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। তারপর দেখা করতে তারা দুজন ঢাকায় আসেন। পরে আরিফের সঙ্গে তার বাড়িতে যান। সেখানে আরিফের পিতা মাতা তাদের দুজনকে বের করে দেন। শেষে আরিফ তাকে সঙ্গে নিয়ে রেলস্টেশনে আসেন। তাকে স্টেশনে রেখে আরিফ পালিয়ে যায়। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি। স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
এ বিষয়ে আরিফের মা সেলিনা বেগম বলেন, তার ছেলে পলাতক। এ মেয়ের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। মেয়েটি ধান্দাবাজ। যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে তাকে মেনে নেবেন তারা।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ঘটনাটি শুনেছি। ছেলের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।