রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের প্রকৌশলী মোহাম্মদ ফুলবাবু (৩৯) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মাসুদ রানা (৩৪) আসমানি পরিবহনের হেলপার। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান। গ্রেপ্তার ওই যুবক রংপুরের কোতোয়ালি উপজেলার ধাপ কটকি পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এর আগে হত্যাকাণ্ডের পরপরই পুলিশ আসমানী পরিবহনের চালক আল-আমিনকে (২৪) গ্রেপ্তার করেছিল।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল দুপুরে আজমপুর ওভারব্রিজের নিচে ইঞ্জিনিয়ার ফুলবাবু ও তার সহকর্মী ইয়াছিনের সঙ্গে আসমানী পরিবহনের হেলপার মাসুদ রানার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে মাসুদ রানা ইয়াছিনকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিংয়ে নামিয়ে দেয়। এ ঘটনায় সিজিজিসি কোম্পানির কয়েক জন কর্মচারী প্রতিবাদ করলে আসমানী পরিবহনের মাসুদ রানাসহ পাঁচ থেকে সাতজনের সঙ্গে তাদের হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। ওই সময় ইঞ্জিনিয়ার ফুলবাবুকে পরিকল্পিতভাবে গুরুতর জখম করে। পরে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান। এ ঘটনায় পরের দিন ফুলবাবুর স্ত্রী জোসনা খাতুন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় আসমানী পরিবহনটির ড্রাইভার- হেলপারসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।