গরম কমলে বড় আকারে আন্দোলনে নামব : মান্না

গরম কমলে আরও বড় আকারে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষস্থানীয় নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই আন্দোলন আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়। এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর, ঋণের বোঝা কমানোর। এই আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের আন্দোলন।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি মান্না এসব কথা বলেন। বিদ্যুৎ-জ্বালানি ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়েছে।

মান্না বলেন, ‘শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপস নেই। এ সরকারকে মানি না এবং মানবও না। এই সরকার যা-ই করুক তাদের মানার কোনো প্রশ্নই আসে না। দেশের মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে।’

নাগরিক অধিকারের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল প্রমুখ।