বিশ্বের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী তেনজিং নোরগের জীবনি নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন। এবার নেপালি শেরপার জীবনীই উঠে আসবে হলিউডের বড় পর্দায়।
ছবিটির নাম ‘তেনজিং’। পরিচালনা করবেন জেনিফার পিডং। এর আগে তিনি ‘শেরপা’, ‘মাউন্টেন’ ও ‘সলো’ ছবিগুলি পরিচালনা করেছেন। এবার তার লক্ষ্য তেনজিং।
সূত্রের খবর, তেনজিংয়ের জীবন কাহিনি তার পরিবারের সদস্যদের থেকে শুনে ছবিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তার কাছে তেনজিংয়ের পরিবারের পক্ষ থেকে স্বত্বও দেওয়া হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, ছবিতে থাকছেন ‘পুর থিংস’ খ্যাত অভিনেতা উইলেম ডিফো ও ‘লোকি’ খ্যাত অভিনেতা টম হিড্লস্টোন। ছবিতে হিলারির চরিত্রে অভিনয় করবেন টম। অন্য দিকে, ব্রিটিশ এক্সপিডিশন লিডার জন হান্টের চরিত্রে অভিনয় করবেন উইলেম।
তবে খবর ছড়াতেই সমাজমাধ্যমে প্রশ্ন, তা হলে তেনজিংয়ের চরিত্রে কে অভিনয় করবেন? নির্মাতারা জানিয়েছেন এই চরিত্রের অভিনেতার সন্ধান চলছে। যে মুহূর্তে তা চূড়ান্ত হবে, তারা ঘোষণা করবেন।
পঞ্চাশের দশকে দুই বীর পর্বতারোহী কীভাবে সব প্রতিকূলতার বিরুদ্ধে এভারেস্ট জয় করেছিলেন, সেই রোমহর্ষক অভিযানই তুলে ধরা হবে ছবিতে।