চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফেনীর সোনাগাজীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নুর আলম মিস্টারের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পৌরসভার শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ শামিমা আক্তার ও তার পরিবার এ অভিযোগ করেন।

আজ শনিবার (১১ মে) পৌসভার গুদাম কোয়ার্টারস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

শেখ শামিমা আক্তার বলেন, আমার পিতা শেখ মোয়াজ্জেম হোসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। প্রায় ১০ বছর আগে তিনি চাকরি থেকে অবসরগ্রহণ করেছেন। আমাদের চার ভাই-বোনের মধ্যে তিনজনই শারীরিক প্রতিবন্ধী। বাবা ছাড়া পরিবারে সামর্থ্যবান কোনো পুরুষ সদস্য না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী পোস্টমাস্টার বাড়ির নুর আলম প্রকাশ মিস্টার সহযোগিতা আশ্বাস দিয়েছিল। কিন্তু প্রতারণার মাধমে তিনি কয়েক ধাপে জমি বিক্রির টাকা, ভূমি অধিগ্রহণের টাকা ও জমির কাগজপত্রের বিভিন্ন সমস্যার সমাধান করবেন বলে বিভিন্ন সময় টাকা নিয়েছেন। সব নিয়ে প্রায় দুই কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। একসাথে এতো বিপুল পরিমাণের অর্থ খোয়া যাওয়ার কারণে আমার বাবা মানসিকভাবে ভেঙে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি শয্যাশায়ী।

তিনি আরও বলেন, এই মিস্টার মিয়া কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য ও চাকরি না করেও আমাদের পরিবারের মতো চরম একটি অসহায় পরিবারের টাকা আত্মসাৎ করে দুই তলা বিল্ডিং নির্মাণ করেছেন এবং সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে জেলা পরিষদের মূল্যবান সরকারি জায়গা জবরদখল করে অবৈধ ‘সালিশ বাণিজ্য’ কেন্দ্র গড়ে তুলেছেন।

তিনি অভিযোগ করেন, গত কিছুদিন আগেও আমার পিতার অসুস্থতার সুযোগ নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন আমাদের বাড়ির সামনের দোকানঘরসহ ৬ শতক জমি বিক্রিতে সহযোগিতার কথা বলে বিক্রির টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং প্রতারণার মাধ্যমে আমার শারীরিক প্রতিবন্ধী ভাই পিন্টুর প্রায় এক কোটি টাকা মূল্যের জমি বিক্রির জন্য তৈরি স্বাক্ষর যুক্ত নন রেজিস্টি্র দলিল তার জিম্মায় রেখেছেন। আমরা ধারণা করতেছি আমাদের বাবার অসুস্থতার সুযোগ নিয়ে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে হয়তো আমাদের বসতবাড়িসহ অবশিষ্ট সম্পত্তিতে নানান গরমিল করেছেন।

মিস্টারের এ সকল প্রতারণা ও জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে এবং তার পরিবারের সদস্যদের আত্মসাতের টাকা ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করেন শেখ শামিমা আক্তার ।

এ ব্যাপারে নুর আলম মিস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে বলেন, আমি সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে আমার প্রতিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।