বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণীর

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আফছানা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছে। আজ শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে জেলার সদরের পীরগাছা-মহাস্থান সড়কের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২)। বিকেল সাড়ে ৪টার বগুড়া সদর থানার এসআই রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণী আফসানা শহরের উপশহর গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা ও আহত যুবক তাওসিফ জেলার সোনাতলা উপজেলার মাস্টারপাড়া এলাকার ইকবাল রাজ্জাক সিদ্দিকের ছেলে।

এসআই রনি কুমার জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থানের দিকে যাওয়ার সময় মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে চালক গুরত্বর আহত এবং মোটরসাইকেলে থাকা তরুণী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, জরুরি সেবা ‘৯৯৯’ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তাওসিফকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।