সুন্দরবনে আগুন: আরও ৭ দিন সময় নিল তদন্ত কমিটি 

চাঁদপাই রেঞ্জের সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নিভে গেছে। প্রধান বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানিয়েছেন, বনের কোথাও এখন আগুন নেই। আগুন লাগার কারণ জানতে গত শনিবার (৪ মে) গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। ৭ দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন বলেও তখন জানানো হয়। তবে দুই দিন হাতে রেখে আরও ৭ দিন সময় নিয়েছেন তদন্ত কমিটি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিমের কাছ থেকে তদন্ত কমিটি এই সময় নেয়।

বনবিভাগের গঠিত তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সুন্দরবনে আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করতে গঠিত বিশেষজ্ঞ আরেকটি টিমকে সহযোগিতা করতে হয়েছে। তাই আগের সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ বের করতে বিলম্ব হয়েছে। এজন্য দুই দিন হাতে রেখে আরও ৭ দিন সময় নিয়েছি।  

এদিকে আগুন লাগার পরদিন রবিবার (৫মে) আগুনে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। সে সময় ওই টিমকে ১০কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী। তিনি ওইদিন ঢাকা থেকে ছুটে এসে সরেজমিনে পরিদর্শন করেন। এরপর সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বনসংরক্ষক জানান, সুন্দরবনে বর্তমানে কোথাও আগুন নেই। পর্যবেক্ষণের জন্য কাজ করছে একটি টিম।  

গত শনিবার (৪ মে) দুপুরে সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে দুই থেকে আড়াই কিলোমিটার এলাকা জুড়ে। পরে ৪৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বনরক্ষী, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও স্থানীয়রা মিলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।