‘কালা গ্যাং’ সদস্যদের ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় যুবক

সাভারে ‘কালা গ্যাং’ সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুশয্যায় দিন পার করছেন আকাশ মাহমুদ নামের এক যুবক। গতকাল শুক্রবার রাতে সাভার পৌরসভার আড়াপাড়া মহল্লায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে কিশোর গ্যাং গ্রুপ ‘কালা গ্যাং’ সদস্যরা। গুরুতর আহত যুবকের নাম আকাশ মাহমুদ (২৪)। তিনি সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।

ভুক্তভোগী আকাশের মা নাছিমা বেগম জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল করে তার বাসায় যায় ‘কালা গ্যাং’ এর সদস্যরা। পরে রাতে স্থানীয় জোড় পুকুর পাড়ে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় আকাশকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন খানম বলেন, ছুরিকাঘাতে আকাশের অবস্থা সংকটাপন্ন। সারাদেহে উপর্যুপরি ছুরিকাঘাতে তার কিডনি ও লিভার ক্ষতবিক্ষত হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শাহজামান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই সপ্তাহে পুলিশের সাঁড়াশি অভিযানে দুই শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানের মধ্যেই শুক্রবার রাতে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ‘কালা গ্যাং’ সদস্যরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।