উপজেলা পরিষদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোণায় তিন প্রার্থীর সমর্থককে জরিমানা

নেত্রকোণায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিন প্রার্থীর সমর্থকদের ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যার পর জেলা শহরের মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ থেকে জেলা পরিষদ পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ব্যাপি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সময় দেয়ালে সাঁটানো পোস্টার অপসারণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার।  

এ সময় নাগড়ায় আনারস প্রতীকের সমর্থক মো. ওয়াফিজ ও মো. সমেদ মিয়া পোস্টার অপসারণে বাধা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সাথে থাকা পুলিশ সদস্যদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে। পরবর্তীতে মো. ওয়াফিজকে আচরণবিধি ভঙ্গের দায়ে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অপরদিকে একই এলাকায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাপ পিরিচ প্রার্থীর সমর্থক মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও হেলিকপ্টার প্রার্থীর সমর্থক মো. হায়দার আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে নেত্রকোণা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার বলেন, শনিবার সন্ধ্যার পর জেলা শহরে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রার্থীদেরকে সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণবিধি মেনেই তাদের প্রচার প্রচারণা চালাতে হবে। এছাড়া প্রার্থীদেরকে নির্বাচনী প্রচারণা কেন্দ্রের তালিকা প্রদান করতে বলা হয়েছে।