স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়াকআউট

দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্রে ততই বাড়ছে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এবার দেশটির ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেছে বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় সময় গতকাল শনিবার বিক্ষোভ করেন তাঁরা। এরপর অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। খবর বিবিসি।

স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে চলছিল স্নাতক সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে যখন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই বিক্ষোভকারী শিক্ষার্থীরা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।

বক্তব্যে গভর্নর ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্রবিক্ষোভ নিয়েই কথা বলছিলেন।

ইতিমধ্যে অনুষ্ঠানে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন বক্তব্য শুরু করার পরপরই গাউন-ক্যাপ পরা কিছু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন।

এ সময় ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে ‘প্রকাশ কর, বর্জন কর—আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না’ বলে স্লোগান দিতে দেখা গেছে। এ বছরের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে গভর্নর গ্লেনকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

গত মাস থেকেই ইসরায়েল বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্রের প্রায় ১৫০ এরও বেশি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ঘনিয়ে আসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময়। আর তাই নিরাপত্তাজনিত কারণে এবং বিক্ষোভকারী শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারেন, এমন আশঙ্কায় কয়েক ডজন ক্যাম্পাসে এই আয়োজন বন্ধ করা হয়েছে।

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন, যেন বড় বড় অনুদানে চলা বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়।

এর আগে গত ২৯ এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ওই সময় ১৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছয়জন শিক্ষার্থী।