শ্রম আইন সংশোধন

আইএলও’র সঙ্গে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা আইনমন্ত্রীর 

শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে ৪১টি পয়েন্টে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আগামীকাল বেলা সাড়ে ১১টার দিকে আরও বিস্তারিত আলোচনা হবে। 

রবিবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্টিত হয়। 

বৈঠক শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। এগুলোর মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো নিয়ে আগামীকাল আলোচনা করা হবে। বৈঠকে ঢাকায় নিযুক্ত আইএলও'র কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে আইন ও বিচার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 

আইনমন্ত্রী বলেন, ‘আইএলও’র কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের  স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে  পারবো, কোনটা গ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।’ আলোচনা সন্তোষজনক কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক। খুবই বিস্তারিত আলোচনা হয়েছে।’