লাইভ কনসার্টে ছবি তোলা, ভিডিও নিয়ে আপত্তি অঞ্জন দত্তের 

বর্তমানে রিলস বানানোর যে নতুন ট্রেন্ড চলছে, তাতে রাস্তাঘাটে সবজায়গাতেই দেখা যাচ্ছে মোবাইল হাতে মানুষ ব্যস্ত ভিডিও করতে। তা সে পাহাড় হোক বা সমুদ্র, রেস্তোরাঁ হোক বা মেলা, ভ্লগিং করার লোকের অভাব নেই। লাইভ কনসার্ট চলাকালীন মোবাইলের ব্যবহার নিয়ে গলা চড়িয়েছেন অঞ্জন দত্ত। প্রকাশ করলেন বিরক্তি।

শনিবার (১১ মে) সন্ধ্যায় পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে আয়োজিত এক কনসার্টে মঞ্চ মাতান তিনি। সেখানেই বিরক্তি প্রকাশ করেন। এরপর তাকে বলতে শোনা গেল, ‘সেলফি বা ছবি তোলা, এটা না কোনও লাইভ কনসার্টে হয় না। আমি গোটা পৃথিবী ঘুরে এসেছি। কোথাও হয় না। হয় শুধু আমার ভারতে, কলকাতায়। বাদবাকি কোথায় কোনও শিল্পী গান গাইতে এলে, সবাই মন দিয়ে শোনে। মনের ভিতরে রেখে দেয়। আপনারা একটা ভিডিও তুললেন, ফেসবুকে দিয়ে দিলেন। কেন দিলেন? আপনারা তো টিকিট কেটে এসেছেন অনেক টাকা দিয়ে। ওরা তো টাকা দেয়নি। ছবি তোলা বন্ধ করুন। মনের মধ্যে রাখুন।’

যোগ করে তিনি আরও বলেন, ‘এই যে আমি বলে যাচ্ছি। এখনও একজন মোবাইলে তুলে যাচ্ছে। এটা বিদেশ হলে, একজন এসে আস্তে করে নিয়ে যেত। টিকিটটা নিয়ে যেত। এ কী, বাংলাতেই তো বলছি। বুঝতে পারছেন না। পকেটে পুরে ফেলুন। এরকম হলে তো আমি অনলাইনেই শো করতে পারতাম। আপনারাও দেখে নিতে পারতেন। মন দিয়ে এই মুহূর্তটা উপভোগ করুন। নিজে শুনুন, সবাইকে শুনতে সুযোগ করে দিন।’

তার এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই অঞ্জন দত্তের সঙ্গে সহমত পোষণ করলেন নেট-নাগরিকরা। একজন কমেন্টে লেখেন, ‘কোথায় ছবি তোলা হয়, কোথায় হয় না-- এটা ইস্যু না। ব্যাপারটা হচ্ছে একদল লোক গান শুনতে গিয়ে ভিডিও করছে, ছবি তুলছে, গানটা শুনছে না, এটা শিল্পীর জন্যে অনেক কষ্টের।’

আরেকজন লিখলেন, ‘এত টাকা খরচ করে কেউ শুধু গান শোনার জন্য যায় না। যে শিল্প প্রেমী সে এত টাকা খরচ করে, এত হাঙ্গামার মধ্যে গান শুনতে যাবে না। যারা শো-অফ করে, টাকার ফুটানি আছে, কিংবা টিকটক বা অন্য কোথাও রিল বানায় তারাই সাধারণত এসব কনসার্টে যায়।’