কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ ইলিয়াছ (৪৩) নামে রোহিঙ্গা কমিউনিটির এক নেতাকে (হেড মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর এক্সটেনশনের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
ইলিয়াছ একই ব্লকের আবুল কাশেমের ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘রবিবার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে ১০-১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত দুষ্কৃতকারী ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের হ্যান্ডিকাপ অফিসের পেছনে নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।’