চট্টগ্রামে উপজেলা নির্বাচন কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। একই অভিযোগে একটি পৌরসভার প্যানেল মেয়রকে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিকে লাশ ফেলা ও দেখে নেওয়ার হুমকির অভিযোগে তাকে শোকজ করা হয় বলে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত শোকজে বলা হয়, ১ মে দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ শেষে চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ জসিম উদ্দিনের প্রতিনিধিকে একশ ব্যক্তির লাশ ফেলে দেব এবং নির্বাচনের সময় দেখে নেওয়া হবে মর্মে হুমকি প্রদর্শন করেন, যা উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধিভঙ্গের অভিযোগে ফটিকছড়ি পৌরসভার এক প্যানেল মেয়রসহ দুজনকে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একজন প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে তাদের দন্ড দেওয়া হয়েছে। দন্ডিতরা হলেন ফটিকছড়ি পৌরসভার প্যানেল মেয়র-১ গোলাম মওলা ও এমডি মঈনু নামে অন্য এক ব্যক্তি।
ফটিকছড়ি নির্বাহী অফিসার কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬-এর বিধি ৫ক (২) ভঙ্গের অভিযোগে গোলাম মাওলাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।