কক্সবাজারের মহেশখালিতে একদল ডাকাতের গুলিতে মনির আহমদ (২৮) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) রাত ৯ টার দিকে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর সংলগ্ন এলাকায় পুলিশ টহল লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুঁড়ে।
আহত মনির আহমদ মহেশখালী থানার মাতারবাড়ি ফাঁড়িতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে ১০-১২ জনের বন্দুকধারী একটি দল মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের দারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল। তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে ওই পুলিশ সদস্য আহত হয়।
ডাকাতির কবলে পড়া মিজবাহ উদ্দীন মঈন, রহুল আমিন বলেন, ১০-১২ জন ডাকাত আমাদের বন্দুক দেখিয়ে নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে ডাকাতি করেছে বলে শুনেছি।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ডাকাতির খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চিংড়ি প্রজেক্টের দিকে পালিয়ে যায়। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।