জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় এগোতে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাভাগ্য গিয়ে থেমেছে একেবারে শেষ ম্যাচ ডে-তে। দৌড়ে আছে দুটো দল। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে টক্কর দিচ্ছে মিকেল আর্তেতার আর্সেনাল। আপাতত পয়েন্টে এগিয়ে সিটিই। সিটির পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৮, আর্সেনালের ৮৬।
শেষ ম্যাচে ১৯ মে সিটি মুখোমুখি হবে ওয়েস্টহামের। আর্সেনালের প্রতিপক্ষ এভারটন। দুই পয়েন্টে এগিয়ে থাকা সিটি ম্যাচ জিতলেই টানা চতুর্থ শিরোপা নিশ্চিত। যদি সিটি ড্র করে এবং আর্সেনাল ম্যাচ জেতে তখন আসবে গোল ব্যবধানের হিসাব। আর্সেনালের গোল ব্যবধান ৬১, সিটির ৬০। তাতে কপাল খুলতে পারে গানারদের।
গতরাতে টটেনহামের মাঠে আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রথম জয় তুলে নিয়ে নিজেদের হিসাব সহজ করে রেখেছে সিটিজেনরা। অবশ্য সেই ম্যাচের প্রথমার্ধে সিটির খেলোয়াড়দের দেখা গেছে অগোছালো ফুটবল খেলতে। গার্দিওলা বলেন, ‘প্রথমার্ধে তারা (খেলোয়াড়েরা) ফলের প্রভাব নিয়ে ভেবেছে। তারাও মানুষ, আমি তাদের চাপটা বুঝতে পারি। এমনকি আর্সেনালও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভালো খেলেনি, তারা জানত তারা যদি ওই ম্যাচটা না জিততে পারে, তাদের আর প্রিমিয়ার লিগ জেতার সুযোগ নেই।’
টটেনহাম ম্যাচের মতো ওয়েস্টহামের বিপক্ষে ফুটবলাররা চাপে থাকবেন বলে জানিয়েছেন সিটি কোচ গার্দিওলা, ‘ওয়েস্টহামের বিপক্ষে ম্যাচেও এমন হবে। আমরা চাপ অনুভব করব। অ্যাস্টন ভিলা (২০২১-২২) ম্যাচের দিকে তাকান, ১৫ মিনিট আগেও ২-০তে পিছিয়ে ছিলাম। কুইন্স পার্কের বিপক্ষে (২০১১-১২) সের্হিও আগুয়েরোর গোল পেতে ৯৩ মিনিট লেগেছিল। এটাই স্বাভাবিক। এর জন্যই আমরা কথা বলেছি, সবাইকে শান্ত থাকতে বলেছি, আর যা তাদের তাদের করতে হবে সেটা করতে বলেছি। আমরা কিসের জন্য খেলছি আমরা জানি। ভাবনাচিন্তা থাকবে, প্রতিপক্ষও ছেড়ে কথা বলবে না। এ কারণেই এটা কঠিন, আমরা জানি।’
প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে সিটজেনরা। এর মধ্যে ২৮ জয়ের বিপরীতে হার ৯টি। ড্র হয়েছে ৮টি ম্যাচ। সবশেষ ২০২২-২৩ মৌসুমে ওয়েস্টহামের মাঠে ২-২ গোলে ড্র করেছিল সিটি। এর পরের তিন দেখাতেই অবশ্য জয় তুলে নিয়েছিল তারা।