আগামী মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। সাকিব ও হাসারাঙ্গা দুজনই এখন যৌথভাবে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে।
জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন সাকিব। সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি। দুই ম্যাচে করেছেন ২২ রান। তাতে সাকিবের রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে হয়েছে ২২৮। সমান ২২৮ রেটিং পয়েন্ট হাসারাঙ্গারও।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তিনে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবি রেটিং পয়েন্টে খুব বেশি পিছিয়ে নেই। ২১৮ রেটিং পয়েন্টে তার।
বাংলাদেশ সিরিজে পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নম্বরে আছেন সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২১০। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে আছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট ২০৫।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বোলিং র্যাংকিংয়ে এগিয়েছেন তিন ধাপ, আছেন ২৩ নম্বরে। সিরিজের শেষ দুই ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়েছেন, আছেন ২৫তম স্থানে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় পাকিস্তান দলের খেলোয়াড়দেরও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে।