কক্সবাজারে মহেশখালীতে ব্যাটারিচালিত গাড়ির গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ মে) দুপুর আড়াইটায় নদী থেকে মাছ ধরে ফেরার পথে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন।
স্থানীয়দের বরাত দিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান। দুপুরে প্রচন্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে দিনেশপুর এলাকায় নুরুল আমিনে টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) গ্যারেজে তারা বিশ্রাম নিতে অবস্থান করেন। এক পর্যায়ে জেলে আবছার ও ইমন টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
মরদেহ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুকান্ত চক্রবর্তী।