আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে চান নেতানিয়াহু

আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের একটি কমিটিতে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করবেন তিনি। খবর আল আরাবিয়ার।

খবরে বলা হয়, বুধবার নেতানিয়াহু তার কার্যালয়ে সামাজিক ও রাজনৈতিক বিভাজনের সেতুবন্ধন করার বিষয়টি উল্লেখ করেন। তিনি আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সংসদের সবাইকে সমর্থন করার জন্য সব দলকে আহ্বান জানিয়েছেন।তবে গাজায় চলমান সহিংসতার মধ্যে এ সংক্রান্ত আইন পাশের বিষয়টি অনেকটায় স্পর্শকাতর।

এই ইস্যুটিকে নিয়ে আল্ট্রা-অর্থোডক্স ইহুদিরা বিক্ষোভ করতে পারে। কারণ তারা ইসরায়েলের ১০ মিলিয়ন জনসংখ্যার ১৩ শতাংশ যা ২০৩৫ সালের মধ্যে ১৯ শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷

এদিকে ইসরায়েলের হামলায় রক্তস্রোতে যখন ভেসে যাচ্ছে গাজা উপত্যকা, তখন আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের অনেকে এর তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছেন।

অধিকৃত জেরুজালেমে গতকাল মঙ্গলবার (১৪ মে) জায়নবাদ-বিরোধী এসব ইহুদিদের বিভিন্ন ব্যানার হাতে দেখা গেছে। দিনটি ছিল ইসরায়েলের ৭৬তম ‘স্বাধীনতা দিবস’। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল দিবসটি উদযাপন বাতিল করেছে। 

ফিলিস্তিনের গাজায় টানা সাত মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।