র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে বলে জানিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গতকাল বুধবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ বিচারবহির্ভূত হত্যা কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে চলেছে। র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটা প্রত্যাহারের সবশেষ অগ্রগতি কী— এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। হিউম্যান রাইটস ওয়াচ গত বছর তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল, র্যাবের হাতে বিচারবহির্ভূত হত্যা ও গুম নাটকীয়ভাবে কমে গেছে। এটা বিরাট ঘটনা। এটা অবশ্যই ভালো অগ্রগতি উল্লেখ করেই বলতে চাই, আমাদের এখনো উদ্বেগ রয়ে গেছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের সদস্যরা এসব অপরাধ করে চলেছেন। র্যাবের অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে কি না, সেটাও আমরা দেখতে চাই। এ বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাংলাদেশ সরকারের (র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার) প্রক্রিয়া নিয়ে ধৈর্যের অভাব আছে। গত বছর বিচারবহির্ভূত হত্যা ও গুম নাটকীয়ভাবে কমে যাওয়ার মাধ্যমে এটা প্রমাণিত যে র্যাব মানবাধিকার লঙ্ঘন না করেই আইনশৃঙ্খলা রক্ষার অর্পিত দায়িত্ব পালন করতে পারে।