ফিলিস্তিনের উত্তর গাজায় ভুলবশত নিজেদের চালানো হামলায় ট্যাঙ্কে আগুন লেগে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও বিবিসির।
খবরে বলা হয়েছে, ভুলবশত নিজেদের চালানো হামলায় ওই ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এতেই তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার উত্তর গাজার জাবালিয়া শহরে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের সময় এ ঘটনা ঘটে।
গত সপ্তাহে হামাসের সেনা ওই এলাকা পুনরায় দখলে নিয়েছে এমন খবর শোনার পরই ইসরায়েলি সেনারা সেখানে অভিযান চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
বুধবার ২০২তম ব্যাটালিয়নের প্যারাট্রোপার ব্রিগেডের ওই পাঁচ সৈন্য নিহত হওয়ার ঘটনায় তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর হামলা শুরু করে ইসরায়েল। তারা ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে। এই অভিযান শুরুর পর এখন পর্যন্ত গাজায় ২৭৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।