কোপা আমেরিকার হারানো শিরোপা ফিরে পেতে মরিয়া ব্রাজিল। তাই তো নিজেদের গুছিয়ে নিয়েছে তারা। ঘোষণা করে দিয়েছে দলও। সেখানে নেই নেইমার। তাতেই বুঝিয়ে দিয়ে চোটাক্রান্ত কোনো তারকাকে নিয়ে শিরোপা জয়ের পথ কঠিন করতে চায় না তারা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখতে চায়। কিন্তু এখনও তারা ঘোষণা করেনি দল।
আর্জেন্টাইনদের মহাতারকা লিওনেল মেসি। তাকে ঘিরেই ফের কোপার শিরোপা জেতার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। কিন্তু চোট তাকে ভোগাচ্ছে। যা প্রভাব ফেলছে আর্জেন্টিনা জাতীয় দলেও। আর তাই তো এখনও দল ঘোষণা করতে পারেনি ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ীরা।
মেসির দল ইন্টার মায়ামির আজ খেলা ছিল মেজর লিগ সকারে। ওরলান্ডো সিটির বিপক্ষে মায়ামি গোল শূন্য ড্র করেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘এক সপ্তাহে তিনটি ম্যাচ। সে নিজেও স্বস্তিতে ছিল না। আমরা তাই ভেবেছি যে আজ তাকে না খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। সে অস্বস্তিতে ছিল। চিকিৎসকদের বেঁধে দেওয়া সূচির ভিত্তিতে সে নিয়মিত অনুশীলন করেছে। আগের ম্যাচে হাঁটুতে ব্যথা পাওয়ায় একটু অস্বস্তিতে ছিল। কিছু পরীক্ষা করানো হয়েছে এবং সেগুলোর ফল ভালো এসেছে।’
এ বিষয়ে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে খানিকটা ইচ্ছে করেই নাকি আর্জেন্টিনা দল ঘোষণাতে দেরি করছে। যার অন্যতম কারণ মেসি। তার শারীরিক অবস্থা বুঝে দল প্রকাশ করবে তারা। প্রতিবেদনে তারা প্রকাশ করেছে, মেসি নিজেই নাকি ইচ্ছে করে খেলেননি ম্যাচটি। তারা বলেছে, কোপা আমেরিকা প্রায় কাছাকাছি, লিওনেল মেসি জানেন যে বল থামানোর সময় এসেছে এবং তার শরীরের উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো তাড়াহুড়োর সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যে কারণে আজ অরল্যান্ডো সিটির বিপক্ষে মিয়ামির হয়ে খেলা হয়নি তার।
তবে আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিতে মেসিকে খেলাতে চায় মায়ামি। যদিও নির্ভর করছে সেটা তার চোটের অবস্থার ওপর। কোচের এই কথায় অবশ্য বোঝা গেল চোট এত গুরুতর নয়। তবুও কেন এত দেরি আর্জেন্টিনার দল ঘোষণাতে?