জামিন নামঞ্জুর, কারাগারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এই নির্দেশ দেন। পরে গিয়াসউদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গিয়াসউদ্দিন গত ১২ মে ঢাকা মেট্রোপলিটন আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার পুলিশ তাকে গত বছরের পহেলা নভেম্বর আড়াইহাজার উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে। এ সময় আমরা তার জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গিয়াসউদ্দিনের এই আইনজীবীর দাবি, আড়াইহাজারের মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক। মামলায় যে ঘটনা দেখানো হয়েছে সে সময় গিয়াসউদ্দিন আড়াইহাজারে উপস্থিত ছিলেন না। অথচ তাকে সেই মামলায় ১২ নম্বর আসামি করা হয়েছে।

গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে গিয়াসউদ্দিনের মুক্তির দাবি জানান তারা।