বাংলাদেশের গণপরিবহনে নারীদের হয়রানি নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে কর্মজীবী নারীদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে গণপরিবহন ব্যবহার করে অফিসে যেতে। এ অবস্থা পরিবর্তনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৩৬ জন নারী প্রশিক্ষণার্থীকে মোটর ড্রাইভিং প্রশিক্ষক হিসেবে গড়ে তুলেছে। এ নারী প্রশিক্ষকরাই পরিবহন শ্রমিকদের নারী সম্পর্কিত ধারণায় পরিবর্তন আনবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে ‘নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কার্যসম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দক্ষ চালক তৈরিতে ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষক ফাতেমাতুজ্জোহরা রূপা বলেন, বিআরটিসির প্রশিক্ষকরা সুন্দরভাবে বুঝিয়েছেন কীভাবে ট্রেনিং করাতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হয়ে যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরাও করতে পারি। আমাদের যদি সে ধরনের সুযোগ দেওয়া হয়, আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। পরিবহন খাত নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে, সেটা পরিবর্তন করতে পারব যথাযথ সহযোগিতা পেলে।