কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। শুক্রবার (১৭ মে) সকাল ৮টার দিকে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়া বাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন চালক। পরে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় আসলে বাসটি রাস্তার খাদে পড়ে যায়।  

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।