বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণে নানা অনিয়ম নিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্মসূচির ডিলার মাজেদ ও ট্যাগ অফিসার মিজানুর রহমানকে শোকজ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
গত ৫ মে দেশ রূপান্তর পত্রিকায় ‘মৃত ব্যক্তি-প্রবাসীর নামে চাল তুলছেন ডিলার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণের নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। মৃত ব্যক্তি, প্রবাসীর নামে চাল উঠায় ডিলার পাশাপাশি চেয়ারম্যানের নাতীর নামে রয়েছে কার্ড এসব ছাড়াও ছেলের বউয়ের নামের কার্ডে শাশুড়ির ছবি ,সরকারি তালিকায় পুরুষের নামের পাশে নারীর ছবিসহ নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে উপজেলা প্রসাশন।
সংবাদ প্রকাশের পর পরই সেদিনই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ করে এবং তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। তবে ১৫ দিন পার হলেও সেই শোকজের জবাব দেননি ডিলার মাজেদ।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী দেশ রূপান্তরকে ধন্যবাদ দিয়ে বলেন, দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনিয়মের বিষয়টি আমাদের নজরে আসে। আমরা সাথে সাথে ডিলার ও ট্যাগ অফিসারেকে শোকজ করি। তাদের তিন কার্য দিবসের মধ্যে সুনির্দিষ্ট ব্যাখাসহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডিলার আগামী ১৯ মে পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন।