প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাদরাসা-এতিমখানায় খাবার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা সদরে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের।

এ ছাড়া আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, সোবহানবাগ মসজিদ কমপ্লেক্স এতিমখানা, ফরাশগঞ্জ অরফানেজ সোসাইটি ( হিন্দু অনাথ আশ্রম), মোহাম্মদপুর জামেয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ মাদরাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

এ ছাড়াও চট্টগ্রামে হজরত আমানত শাহ মাজার, গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন এতিমখানা এবং কদম মোবারক এতিমখানা, সিলেটে হজরত শাহ জালাল মাজার সংলগ্ন এতিমখানা, পাবনা, কুমিল্লা, বরিশাল কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা সদরে অবস্থিত মাদরাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপ কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।