খেলোয়াড় জীবন শেষে কোচিং পেশায় মনোযোগ দেওয়া রবিন ফন পার্সি এবার পেয়েছেন বড় দায়িত্ব। সাবেক এই ডাচ ফরোয়ার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হিরেনভিন।
নেদারল্যান্ডসের ক্লাব হিরেনভিন। ৪০ বছর বয়সী পার্সিকে নিয়োগের বিষয়টি আজ শুক্রবার বিবৃতিতে জানায় ডাচ ক্লাবটি। কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনিয়র কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।
নেদারল্যান্ডসের শীর্ষ লিগে এখন দশম স্থানে আছে হিরেনভিন। লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলবে তারা আগামী রবিবার, স্পার্তা রটাডামের বিপক্ষে।
ক্লাব ক্যারিয়ারে ৫৯৫ ম্যাচ খেলে ২৭৪ গোল করেন ফন পার্সি। অ্যাসিস্ট করেন ৯৪টি। খেলোয়াড় জীবনে ৯ বছর কাটান ইংলিশ ক্লাব আর্সেনালে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড, ফিয়েনুর্ড এর মতো উইরোপিয়ান ক্লাবে খেলেন।
নেদারল্যান্ডসের জার্সিতে ১০২ ম্যাচ খেলে গোল করেছেন ৫০টি। আন্তর্জাতিক ফুটবলে ডাচদের হয়ে যা সর্বোচ্চ গোল।