ভারতের পুনে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান। শুক্রবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংঘর্ষের জেরে বিমানের ডানা এবং সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে বলা হয়, রানওয়েতে টেকঅফের ঠিক আগেই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায় এয়ার ইন্ডিয়ার এআই-৮৫৮ বিমান, যা ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। বিকাল ৪টার দিকে বিমানটি ছাড়ার কথা থাকলেও দুর্ঘটনার জেরে যাত্রায় বিলম্ব ঘটে। এ সময় যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। মেরামতের পর বিমানটি গন্তব্যে রওনা দেয়।
বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, চলন্ত ট্রাক্টরে ধাক্কা মারায় বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রী এবং বিমানকর্মী সকলেই নিরাপদে রয়েছে। যদিও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া।
তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন ও কার ভুলে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।