১০ বছরে একবারও সংবাদ সম্মেলন না করার কারণ জানালেন মোদি

বিগত ১০ বছরে একবারও সংবাদ সম্মেলন করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তখনও তাকে দেখা যায়নি কোনো সাংবাদিক সম্মেলনে যোগ দিতে। যখনই সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কিছু বলতে চেয়েছেন আলাদা ভিডিওতে বার্তা দিয়েছেন। 

বৃহস্পতিবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এর কারণ জানতে চাওয়া হয় তার কাছে। উত্তরে মোদি বলেন, “আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমি গরিব মানুষদের বাড়ি যেতে চাই। আমি বিজ্ঞানভবনে গিয়ে ফিতে কেটে ছবিও তুলতে পারি। কিন্তু আমি তা করি না। আমি ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে চলে যাই। ছোট প্রকল্পের জন্য কাজ করি।”

তিনি বলেন, “আমি এক নতুন কর্মসংস্কৃতি এনেছি। সংবাদমাধ্যমের তা পছন্দ হলে বলবে, না হলে বলবে না। সংবাদমাধ্যম এখন আর কোনো আলাদা সত্ত্বা নয়। তাদের নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়। আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম। কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়।” 

তাছাড়া মোদির সাফ জবাব, “আমি সংসদে সমস্ত কিছু জানাতে বাধ্য এবং সেখানেই আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি।”