শেকৃবি উপাচার্যের দুর্নীতি: চলমান নিয়োগ স্থগিতে ইউজিসির চিঠি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি, টেন্ডার, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)।

গতকাল বৃহস্পতিবার ইউজিসি সেগুলো আমলে নিয়ে শেকৃবি প্রশাসনকে চিঠি দিয়েছে ইউজিসি। যেখানে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগগুলোর ব্যাখ্যা চেয়েছে ইউজিসি। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলমান সব ধরনের নিয়োগ বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া অভিযোগ তদন্তে কমিটি গঠন হচ্ছে।

শেকৃবি রেজিস্ট্রার বরাবর পাঠানো ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেকৃবির জনবল নিয়োগ, টেন্ডার, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক অনিয়মের বিষয়ে কমিশন কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগপত্র পাওয়া গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ কমিশনের নজরে এসেছে। অভিযোগগুলোর বিষয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দফাওয়ারি বক্তব্য কমিশনে পাঠানোর অনুরোধ করা হলো। নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে চলমান নিয়োগ কার্যক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রস্তাব সিন্ডিকেটে উপস্থাপন না করার অনুরোধ করা হলো। উত্থাপিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রমাণকসহ লিখিত বক্তব্য পাওয়ার পর কমিশনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়কে জানানো হবে।

এবিষয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন,  অভিযোগগুলোও মিথ্যা, যারা আমার কারণে অনিয়ম-দুর্নীতি করতে পারেনি তারাই এসব বলে বেড়াচ্ছে। এগুলোর কোনো ভিত্তি নেই।