গান্ধী পরিবারের দুর্গ বলে পরিচিত ভারতের উত্তরপ্রদেশের রাইবেরিলি। এই নির্বাচনী কেন্দ্রের চারবারের সংসদ সদস্য সোনিয়া গান্ধী। চলতি বছরের শুরুতে আসনটি ছেড়ে রাজ্যসভায় গিয়েছেন তিনি। আর তার স্থানে সমর্পণ করে যাচ্ছেন ছেলে রাহুল গান্ধীকে। রাইবেরিলিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া।
শুক্রবার (১৭ মে) রাহুলের হয়ে প্রচারে গিয়েছিলেন মা সোনিয়া। নিজের আগের কেন্দ্রে দাঁড়িয়েই কংগ্রেসের সাবেক সভানেত্রী বলেন, ‘আপনাদের কাছে নিজের ছেলেকে সঁপে দিলাম। আমাকে যেমন নিজের ভেবেছেন, তেমনই ওকেও ভাববেন। রাহুল আপনাদের নিরাশ করবে না।’ খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
২০০৪ সালে প্রথমবার রাইবেরিলি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোনিয়া।
তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী ও রাইবেরিলি আমায় যে শিক্ষা দিয়েছে, আমি রাহুল ও প্রিয়াঙ্কাকে সেই শিক্ষাই দিয়েছি। সবাইকে সম্মান, দুর্বলদের রক্ষা, মানুষের অধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ভয় পাবেন না, আপনাদের ঐতিহ্য ও লড়াইয়ের শিকড় অনেক গভীরে।’