ঐশ্বরিয়ার নাম ছিল না

১৪ মে বসেছে বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব কানের ৭৭তম আসর। বছরের পর বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবারের মতো এ আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন তিনি।

গত বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’-এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। ফাল্গুনী শেন ময়ূর পোশাকে দেখা গেছে তাকে।

তবে সমস্যাটা বাধে ফেস্টিভাল ডি কানের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টের পর। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি পোস্টে ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি ওমর সাই, গ্রেটা গারউইগ, নাদিন লাবাকি, আনা মোগলাদিস, আইরিন জ্যাকবের পাশাপাশি রাখা হয়। তবে পোস্টে ঐশ্বরিয়ার নাম মেনশন বা ট্যাগ করা হয়নি। আর এতেই অভিনেত্রীর ভক্তরা ক্ষুব্ধ হয়ে পোস্টের কমেন্ট সেকশন ভরে দিয়েছেন। পরে ওই পোস্টটি এডিট করে ঐশ্বরিয়ার নাম যোগ করা হয়। পোস্টটি এডিট করার আগে কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘আপনি ঐশ্বরিয়া রাইকে দ্বিতীয় স্থানে রাখার সাহস কীভাবে করলেন’, দ্বিতীয় মন্তব্যে লেখা ছিল, ‘ঐশ্বরিয়া রাইয়ের কথাও উল্লেখ করা উচিত ছিল।’

অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন, ‘আপনি আপনার ক্যাপশনে ঐশ্বরিয়া রাইয়ের কথা উল্লেখ করতে পারেননি যিনি গ্রেটা গারউইগের আগে থেকে কানে উপস্থিত ছিলেন? ভারতীয়দের জন্য পশ্চিমারা যে বর্ণবাদ ধারণ করে তা আমাকে বিস্মিত করতে কখনোই ব্যর্থ হবে না।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কানের ওজি কুইন ঐশ্বরিয়া রাইয়ের জন্য একক পোস্ট দরকার।’ আরেক ভক্ত জিজ্ঞেস করেন, ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন উল্লেখ করা হয়নি? ঐশ্বরিয়া রাই ২০ বছরেরও বেশি সময় ধরে কান উৎসবে অংশ নিচ্ছেন। কান উৎসবে তিনি কসমেটিক ব্র্যান্ড ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেন। তিনি গতকাল রাতেও লাল গালিচায় হাঁটবেন- এমনটাই খবর ছিল।