‘ছিনতাই হওয়া স্বদেশ ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিনতাই হওয়া স্বদেশ আবার ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সেই স্বদেশ ফিরিয়ে এনেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে এখনো বৈষম্য বিদ্যমান। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলে তার কাছে বাংলার মানুষের প্রত্যাশা বেশি।’

গতকাল শুক্রবার সকালে প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : যোগাযোগব্যবস্থার অভাবনীয় সাফল্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডুকেশন, ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (ইআরডিএফবি) এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আবদুল জব্বার খাঁন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান।

ড. হাদিউজ্জামান তার বক্তব্যে বলেন, ‘পদ্মা সেতু ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব তুলেছে এবং এক কোটির বেশি যানবাহন সেতু দিয়ে পার হয়েছে। যমুনা রেলসেতু বাংলাদেশের জিডিপি আরও ১.৫ শতাংশ বাড়াবে বলে আশা করি। ২০০৯ সালের পর থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে যোগাযোগ খাতে, জিডিপিতে যার অবদান দৃশ্যমান।’

তিনি আরও বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় আলাদা করা সরকারের অন্যতম সফলতা।’ এ সময় তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘বাংলাদেশ বিগত শিল্পবিপ্লবগুলোতে একশ বছর পিছিয়ে ছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এ অগ্রযাত্রায় শামিল হতে ছাত্রদের পড়াশোনা ও বিজ্ঞানচর্চায় আরও মনোযোগ বাড়াতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সীতেশ চন্দ্র বাছার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এআরএম সোলাইমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।