পাওনা টাকা না পেয়ে কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন

ঢাকার সাভারে পাওনা টাকার জন্য রিকশাচালককে মারধরসহ শিকল দিয়ে কুকুরের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মামুন ওরফে সুকান্ত দাশ (৩৪)। পেশায় তিনি ভাঙাড়ি ব্যবসায়ী। গতকাল শুক্রবার সকালে এ তথ্য জানান সাভার থানার এসআই রাজিব কুমার সাহা। এর আগে গত রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানার কালিআইশ গ্রামে। তিনি আগে হিন্দু ধর্মের অনুসারী থাকলেও ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরাড়ী এলাকার হাফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ভাঙাড়ির ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গত ৭ মে পাওনা ৮০০ টাকার জন্য রবিউল নামে এক রিকশাচালককে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে তুলে এনে বেধড়ক মারধর করে মামুন। পরে তাকে কুকুরের সঙ্গে একই শিকল দিয়ে বেঁধে রাখে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কথা শুনে তিনি পালিয়ে যান। ওই ঘটনার পর থেকেই মোবাইল ফোনের সিম পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায় মামুন। নির্যাতনের ওই ঘটনায় ভুক্তভোগী মামলা করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার এসআই রাজিব কুমার সাহা বলেন, ‘কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রিকশাচালককে নির্যাতনের ঘটনায় করা মামলায় ভাঙাড়ি ব্যবসায়ী মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।