জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘অন্যায়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণ-অভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে।’ গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় আ স ম রবের বাসায় জেএসডির সম্পাদকমন্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থান এর অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে।’
সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বক্তব্য দেন দলের সহসভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশাররফ হোসেন, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোহাম্মদ আমির উদ্দিন, এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, হুমায়ুুন কবির খান মিলন, অধ্যক্ষ আব্দুল মোতালেব প্রমুখ।