চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মমিনুর রহমান (৩০) এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে ওই শিশুটিকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ মতে, শুক্রবার দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মমিনুর রহমান (৩০) ওই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শয়ন কক্ষে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকায় শয়ন কক্ষে ধর্ষণ করে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনা বুঝতে পেরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
এ প্রসঙ্গে শিশুটির বাবা জানান, আমার মেয়ে সুস্থ হলেই আইনের কাছে যাব। মমিনুরের সর্বোচ্চ শাস্তি চাই।
তবে গতকাল শনিবার কয়েকজন স্থানীয় লোকজন জানান, মোটা অংকের অর্থের বিনিময় রফাদফার জন্য দুই পক্ষের লোকজন গোপনে বসেছিলো। তাদের আলোচনা চলমান রয়েছে। তবে তারা কোথায় আলোচনা করছে কেউ সঠিকভাবে বলতে পারছে না।
এ বিষয়ে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন দেশ রূপান্তরকে জানান, এই ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু এখনও জানায়নি। তবে লোকমুখে শুনেছি। আমার কাছে এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায় দেশ রূপান্তরকে জানান, বিষয়টি অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।