ঝিনাইদহে বিনা ভোটে এমপি হচ্ছেন আ.লীগ প্রার্থী

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন  খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। শনিবার মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন।

আগামী ৫ এপ্রিল সংসদ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদারের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী রইল না। গত ১৬ মার্চ আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।