রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের একটি বাসায় গোসলখানায় বালতির পানিতে পড়ে আমেনা আক্তার নামে এক বছরের এক কন্যাশিশু মারা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু বালতিতে পড়ে যাওয়ার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গেছে, শিশু আমেনার বাবার নাম তাজুল ইসলাম। তাদের বাড়ি ফেনীর শিলুয়ায়। ওয়ারীর আশরাফ গার্ডেনে ভাড়া থাকে তার পরিবার। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আমেনা ছোট। তার বাবা নবাবপুরে মেশিনারি পার্টসের ব্যবসা করেন।
শিশুর মা খোদেজা আক্তার বলেন, ‘নাশতা বাাননোর সময় খেলতে গিয়ে সবার অগোচরে গোসলখানার বালতির পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খিলগাঁওয়ে কাজী মোহাম্মদ আরেফিন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোররাতে তালতলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আরেফিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। তালতলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি রেন্ট-এ কারের গাড়ি চালাতেন।