সমালোচনা কাজ ঠেকিয়ে রাখতে পারবে না

জেফার রহমানকে সবাই তার গানের জন্যই চেনেন। মাঝে মাঝে মডেল হিসেবে দেখা দেন। গেল ঈদে অভিনেত্রী হিসেবেও অভিষেক ঘটেছে তার। সেই রেশ কাটিয়ে কিছুদিন আগেই নতুন ইংরেজি গান নিয়ে হাজির হন তিনি। গানটিতে নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে। জেফারের কণ্ঠে এই অংশ মেনে নিতে পারছেন না শ্রোতারা, এ নিয়ে সোশ্যালে সমালোচনার মুখে পড়েছেন ‘ঝুমকা’ খ্যাত এ গায়িকা।

তার ভাষ্য, ‘যারা এটা নিয়ে সমালোচনা করছেন তাদের অনেকেই হয়তো পুরো গানটি শুনেননি। ‘স্পাইসি’ একটা ইংরেজি গান। যেটার মধ্যে রেফারেন্স হিসেবে পুরনো একটা গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে, আর কিছুই না। যেই গানের অংশটুকু নেওয়া হয়েছে সেটা নার্গিস নামের একজনের গাওয়া। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝছেন না যে এটা শুধু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। পুরনো একটা গানের অংশের মাধ্যমে সে সময়টাকে বুঝানোর চেষ্টা করা হয়েছে। যেমনটা বাইরের অনেক গানেই হয়। পুরনো গানের কিছু অংশ রেফারেন্স বা স্যাম্পল হিসেবে ব্যবহৃত হয়, এটা একটা নস্টালজিক ব্যাপার। এটাকে তো এত বড় করে দেখার কিছু নেই। এমন তো না যে এই গানেই এমনটা প্রথম হয়েছে, আগেও হয়েছে।’

দেশ রূপান্তরকে জেফার রহমান বলেন, ‘গত বছরের শেষ দিকে লস এঞ্জেলেসে আমরা এই গানটার শুট করেছিলাম। একটা ইংরেজি গান হিসেবে একজন বিদেশি শিল্পীর সঙ্গে কোলাবরেট করে গানটি করেছি। রেসপন্সও ভালো পাচ্ছি, এখন ভিউজের দিক দিয়ে চার লাখের দিকে যাচ্ছে।’

‘সোনা বন্ধু তুই আমারে’ এই গানের অংশই কেন আপনার নিতে হলো, এমন প্রশ্নে জেফার বলেন, ‘এই গানটা ফুয়াদ ভাইয়ের (ফুয়াদ আল মুক্তাদির)। উনি এর আগেও এ রকম গান অনেক করেছেন এবং সেগুলো সবাই গ্রহণও করেছেন। কানিজ সুবর্ণার কণ্ঠে নিতে পারলে এখন কেন শ্রোতাদের সমস্যা হচ্ছে? এখানে তো জাস্ট রেফারেন্স হিসেবে আনা হয়েছে। আমার কাছে মনে হয়, মিউজিক একটা আর্ট, এখানে যেকোনো কিছুই হতে পারে। আমার অনেক ভালো ভালো গান আছে কই সেগুলো নিয়ে তো কাউকে কথা বলতে দেখিনি। ‘ন ডরাই’ সিনেমাতে আমার ‘হারব না’ একটা গান আছে কেন সেটা নিয়ে তখন কথা বলেনি। আমাদের মানুষদের একটা টেন্ডেন্সি আছে নেগেটিভিটি। এটাই তাদের ভালো লাগে। আমি যেহেতু শিল্পী তাই একজন শিল্পী হিসেবে আমি আর্টকে অনেকভাবেই এক্সপ্লোর করব।’

‘স্পাইসি’ বিতর্ক এবং সমালোচনা পাত্তা দেওয়ার সময় নেই জানিয়ে ‘ঝুমকা’ খ্যাত এ গায়িকা বলেন, ‘সামনে আমার আরও অনেকগুলো গান আসবে যেগুলোর কিছু ইতিমধ্যেই শেষ এবং আরও কিছু রেডি হচ্ছে। গান নিয়েই তো আমার যত ব্যস্ততা। কন্ট্রোভার্সি বা সমালোচনা দিয়ে তো আমার কাজ ঠেকিয়ে রাখতে পারব না, ওইটা এফোর্ড করতে পারব না। আমার অনেক কাজ, অনেক ব্যস্ত আমি। এমন না যে একটা গান রিলিজ হওয়ার পর আমি বসে বসে মানুষের কমেন্টস দেখি। আমি এমনটা করি না, কারণ সময় নেই। সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না।’

গেল ঈদে ‘মনোগামী’ ওয়েব দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে জেফারের। এরপর একে একে অনেক প্রস্তাবই পেয়েছেন বলে জানালেন তিনি। বললেন, ‘অভিনয়ের প্রস্তাব তো আগেও পেয়েছি এখনো পাচ্ছি অনেক। তবে এটা ঠিক ‘মনোগামী’ আমার এই পথটা সুগম করে দিয়েছে। অভিনয় নিয়ে ভাবতে হলে আমাকে গান থেকে ব্রেক নিতে হয়। তবে এখনো অনেক প্রস্তাব পাচ্ছি কিন্তু বলার মতো কোনো কিছু চূড়ান্ত হয়নি। একটা ভালো টিম এবং ভালো কিছু হলে অবশ্যই আমি সেটার সঙ্গে যুক্ত হব।’