এভারেস্ট জয় করলেন আরেক বাংলাদেশি

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী। রবিবার (১৯ মে) নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তিনি চূড়ায় পৌঁছান। এই তথ্যটি নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে আজ রবিবার (১৯ মে) সকাল ৮টা ৫৬ মিনিটে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেজক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প-৪ এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।’

পেশায় চিকিৎসক বাবর আলী চট্টগ্রামের প্রথম বাসিন্দা যিনি এভারেস্ট জয় করলেন। গত ৩০ মার্চ চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে তিনি জানান। পরে ১ এপ্রিল বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হন। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৪ এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথচলা শুরু করেন এভারেস্ট বেজক্যাম্পের উদ্দেশে।