এবারের আইপিএলে প্লে-অফে উঠতে চেন্নাইয়ের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনি সেটি প্রায় করেই ফেলেছিলেন।
বেঙ্গালুরুর হয়ে শেষ ওভারটি করতে আসেন যশ দয়াল। যিনি আইপিএলের গত আসরে রিংকু সিংয়ের কাছে টানা পাঁচ ছক্কা হজম করেছিলেন শেষ ওভার করতে এসে। তবে কি আবার ট্রাফিডির স্বীকার হতে যাচ্ছেন দয়াল!
কিন্তু না, ধোনি ফিরলেন পরের বলেই, ওভারের পরের চার বলে তিনটি ডট বল দিয়ে আর মাত্র ১ রান দিলেন। তাতেই স্বপ্ন ভঙ্গ চেন্নাইয়ের, বেঙ্গালুরু উঠেছে প্লে-অফে।
দয়াল গত আসরে খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। গতবার এক ম্যাচে গুজরাটের বিপক্ষে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ২৮ রান। দয়ালের করা ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিয়েছিলেন কলকাতার ফিনিশার রিংকু সিং।
এরপর নানা রকম ট্রল, সমালোচনা শুনতে হয়েছিল দয়ালকে। ট্রলের কারণে অসুস্থও হয়ে পরেছিলেন দয়াল। এবার বেঙ্গালুরুকে প্লে-অফে তুলে পরিস্থিতি বদলে দিয়েছেন এই পেসার।
যার কাছে টানা পাঁচ বলে ছক্কা খেয়ে ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল দয়ালের, সেই রিংকুও দয়ালকে ভালোবাসা জানান। ইন্সটাগ্রাম স্টোরিতে দয়ালের ছবির সঙ্গে হাততালি ও স্যালুটের ইমোজি দিয়ে রিংকু লিখেছেন, 'সবই ঈশ্বরের ইচ্ছা বাছা।'
বেঙ্গালুরুর হয়ে এদিন ফিফটি করা অধিনায়ক ফাফ ডু প্লেসি ম্যাচসেরার পুরস্কার নিতে নারাজ। তার মতে জয়ের পুরো কৃতিত্ব দয়ালের।
ম্যাচটিতে ৪ ওভার বল করে ৪২ রানে ২ উইকেট নেন দয়াল। তবে শেষ ওভারে ৭ রান দিয়ে এক উইকেট নিয়ে বেঙ্গালুরুর জয়ের মূল নায়ক তিনি।