সবাই ভর্তি হলেও আট লাখের বেশি আসন খালি থাকবে কলেজে

এবার এসএসসি পাস করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির পরও আট লাখের বেশি আসন খালি থাকবে।  তবে বরাবরের মতোই মানসম্পন্ন কলেজগুলোয় ভর্তির জন্য প্রতিযোগিতা থাকবে। আবার অনেক কলেজে আসন খালি রয়ে যাবে।

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। অন্যদিকে, এবার এসএসসি পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। অর্থাৎ, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হলেও আট লাখের বেশি আসন খালি থেকে যাবে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।

এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে। আগামী ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।