যশোর-নড়াইল মহাসড়কে গাছ কাটার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা 

যশোর-নড়াইল মহাসড়ক ছয় লেনে উন্নীত প্রকল্পে টেন্ডার না হওয়া পর্যন্ত সেখানে গাছ না কাটতে স্থিতাবস্থা দিয়েছে উচ্চ আদালত। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। সড়ক বিভাগের পক্ষে ছিলেন আইনজীবী এস এম জহিরুল ইসলাম।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, দেশজুড়ে চলমান অস্বাভাবিক তাপপ্রবাহ ও জনজীবন বিঘ্নিত হওয়ার মধ্যে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কাটা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বন্ধে গত ৫ মে হাইকোর্টে রিট আবেদন করে পরিবেশ ও মানবাধিকার সংগঠন এইচআরপিবি (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলদেশ)। গত ৭ মে শুনানি নিয়ে হাইকোর্ট এ বিষয়ে রুল দেয়। একই সঙ্গে পরবর্তী আদেশের জন্য তারিখ ধার্য করে এবং সংশ্লিষ্ট বিষয়ে চার কার্য দিবসে শুনানি হয়। 

আজ একটি সম্পুরক আবেদন দিয়ে এ আইনজীবী আদালতকে বলেন, যশোর- নড়াইল মহানগক ছয় লেন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। কিন্তু এখন পর্যন্ত রাস্তা নির্মাণের কোন টেন্ডার আহ্বান করা না হলেও রাস্তার দুপাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। প্রচন্ড তাপদাহের এই সময়ে মানুষের প্রয়োজনে গাছগুলো কাটা বন্ধ রাখা প্রয়োজন। তিনি আরো বলেন, গাছগুলো সংরক্ষণ করেও ছয় লেনের রাস্তার কাজ করা সম্ভব। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়।