আবারও কালো কোট গাউনে ফিরছেন বিচারক-আইনজীবীরা

তীব্র গরমে গত এপ্রিলের প্রথম সপ্তাহে অধস্তন আদালতে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের পরিধেয় পোশাকের বিষয়টি শিথিল করা হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায়। প্রায় দেড় মাস পর আবারও বিচারক-আইনজীবীরা কালো কোট ও কালো গাউন পড়ে শুনানি করবেন।

আজ রবিবার (১৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অধস্তন দেওয়ানি, ফৌজদারি আদালত/ট্রাইব্যুনাল সমূহের বিজ্ঞ বিচারক ও আইনজীবীবৃন্দের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাক সংক্রান্ত অত্র কোর্টের (সুপ্রিম কোর্ট) বিগত ৪ এপ্রিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো। এমতাবস্থায় বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় সিভিল রুলস অ্যান্ড অর্ডার, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার এর বিধান অনুসরণপূর্বক পোশাক পরিধান করার নির্দেশ প্রদান করা হলো। 

এর আগে গত ৪ এপ্রিল প্রধান বিচারপতির সিদ্ধান্তক্রমে সুপ্রিম কোর্টের একটি বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা স্থগিত করে বলা হয়, সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক একটি বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়ার আবশ্যকতা শিথিল করা হয়। তবে, সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার থেকে উচ্চ আদালতের আইনজীবীরা আবারো কালো গাউন পড়ে মামলায় শুনানি করছেন।