কুমিল্লা জেলার হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৯ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত ।
আইনজীবী কামরুজ্জামান বাবুল জানান, ব্যবসায়ী মো. সাদেক মিয়া তার প্রতিবেশি কয়েকজনকে টাকা ধার দেন। ধারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই খুন হয় হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়া। ওই দিন দুপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সাদেক মিয়ার হাত পা কেটে ধনিয়া ক্ষেতে ফেলে রাখা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল আটটায় মৃত্যুবরণ করেন তিনি।
আইনজীবী কামরুজ্জামান আরও জানান, নিহত সাদেক মিয়া মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি প্রদান করেছেন। বিজ্ঞ বিচারক রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামি ও খালাসপ্রাপ্ত একজন উপস্থিত ছিলেন।
মামলার বাদী রেখা আক্তার জানান, আসামিরা সবাই সাদেক মিয়ার পূর্ব পরিচিত। আসামিরা পরিকল্পিতভাবে পাওনা টাকা না দেওয়ার জন্য সাদেক মিয়াকে হত্যা করেছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে আদালতের রায় কার্য করার দাবি জানাই।
এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ শুনানির পর রবিবার আদালত সাদেক মিয়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়াও মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।