পায়রা বন্দরের সঙ্গে সড়ক ও রেলের সংযোগ বাড়ানোর সুপারিশ

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পায়রা বন্দরের সঙ্গে সড়ক ও রেলের সংযোগ বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি কমিটির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার, মো. আওলাদ হোসেন এবং ঝর্না হাসান অংশগ্রহণ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে। কমিটি কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) টার্মিনাল মূলত বন্দরের অংশ উল্লেখ করে আইসিডির দায়িত্ব পরিচালনা সম্পূর্ণ নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে দেওয়ার সুপারিশ করে কমিটি। যেখানে সবগুলো পোর্টই হবে আইসিডির স্টোকহোল্ডার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।